প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার আহ্বান নাসিক প্রশাসকের

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিএনপি নেতা-কর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার বিকেলে চাষাঢ়াস্থ গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে সিটি প্রশাসক ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ট্রাফিক ব্যবস্থার দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যেভাবে ঐক্যবদ্ধ আছেন, ভবিষ্যতেও সেই ঐক্য বজায় রাখবেন। নিজেদের কখনোই সংখ্যালঘু ভাববেন না, কারণ এই শব্দটিকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। সংবিধানে উল্লেখিত সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার প্রকাশ করে তিনি বলেন, কিছু কুচক্রী মহল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে সরকার, দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত করছে। এসব অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
নারায়ণগঞ্জের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, তিনি ব্যক্তি স্বার্থে নয়, বরং সমষ্টিগত মানুষের কল্যাণে কাজ করতে চান। ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকালে দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ঐতিহ্যবাহী জিউস পুকুরটি পরিষ্কার করা হয়েছে এবং সেখানে নগরবাসীর হাঁটাচলা ও বসার সুব্যবস্থা করা হবে। এছাড়া নগরীর ৩১টি জলাশয় উন্মুক্ত ও পরিষ্কার করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং পুকুর পাড়ে ৫২ হাজার গাছ লাগিয়ে নারায়ণগঞ্জকে একটি 'গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে' রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই নগরীর যানজট নিরসন করে একটি বাসযোগ্য নগরী গড়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় ধর্মীয় সহাবস্থানের একটি অনন্য দৃষ্টান্ত তুলে ধরে তিনি জানান, নারায়ণগঞ্জে যেখানে কবরস্থান, শ্মশান ও খ্রিস্টানদের কবরস্থান একই সাথে রয়েছে, সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য শেষকৃত্যের ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।
মতবিনিময় সভায় জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি হিন্দু মহাজোট, ব্রাহ্মণ সংসদ, ছাত্র মহাজোট ও ইসকনসহ সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট